তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও দায়িত্বশীল সমাজ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং কমিউনিটি পর্যায়ে নিরাপত্তাবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি সেফটি ক্যাম্প–২০২৬’।
শনিবার (২২ আগস্ট) ই-ল্যার্নিং ইয়ুথ ফোরামের উদ্যোগে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এ. জেড. খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।
ক্যাম্পে কমিউনিটি সেফটি, সামাজিক সচেতনতা, জরুরি পরিস্থিতিতে করণীয়, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণদের ভূমিকা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক প্রতিবিধানবিষয়ক সচেতনতামূলক মহড়া। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়।
এছাড়া ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ এর পক্ষ থেকে বন্যপ্রাণী ও সাপ উদ্ধার, নিরাপদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বন্যপ্রাণী বা সাপের উপস্থিতিতে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
ক্যাম্পে রেডিও অ্যামেচার বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। লাইসেন্সপ্রাপ্ত রেডিও হ্যাম অপারেটররা রেডিও অ্যামেচারের ব্যবহার, যোগাযোগব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে এর সম্ভাব্য ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।
এ ছাড়া ‘অংশগ্রহণকারী থেকে স্বেচ্ছাসেবক’ হওয়ার বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও ব্যবহারিক সেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কমিউনিটি সেফটি ক্যাম্প–২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ, অনলাইনভিত্তিক বিভিন্ন ঝুঁকি ও নানা অনিরাপদ পরিস্থিতি থেকে তরুণদের দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা জরুরি। এ লক্ষ্যেই ই-ল্যার্নিং ইয়ুথ ফোরাম তরুণদের দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। তাদের প্রত্যাশা, এ ক্যাম্পের মাধ্যমে তরুণদের নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ, সচেতনতা ও স্বেচ্ছাসেবী মানসিকতা আরও জোরদার হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে নিজেদের ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে।