ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে আরিফা সুলতানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর গ্রামে নিজ বাড়ির সামনের পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। আরিফা সুলতানা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিফার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসান ভূঁইয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।আরিফার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানান, ছোট্ট শিশুটির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।