ফেনীতে অভিযান চালিয়ে পাঁচটি ওষুধের দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিবন্ধনহীন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সোমবার (৯ নভেম্বর) শহরের ট্রাংক রোডে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার পাশাপাশি অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী লিংক ফার্মেসিকে ১০ হাজার টাকা, ঢাকা ফার্মেসিকে ২ হাজার টাকা, এম রহমান মেডিকেল স্টোর, সোলেমান মেডিকেল হল ও দৌলত ট্রেডিং করপোরেশন নামের তিনটি ফার্মেসির প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনীর কর্মকর্তা-কর্মচারী এবং আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা বলেন, অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট আইনে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধনহীন ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।