ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

শিক্ষাঙ্গন

প্রযুক্তি-উদ্ভাবনে তরুণদের উৎসাহিত করতে ফেনীতে প্রথমবার ‘টেকফেস্ট’

ফেনীতে প্রযুক্তিচর্চা ও তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে একই মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে জেলার প্রথম প্রযুক্তি উৎসব "টেকফেস্ট ফেনী ২০২৬" অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে প্রযুক্তিভিত্তিক সংগঠন ডেভ অ্যালায়েন্স ফোর্জ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।আধুনিক সফটওয়্যার নির্মাণে গিটহাব কোপাইলটের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে একটি বিশেষ কারিগরি সেশন পরিচালনা করেন হাসান ইমরান নাজির। সেশনে গিটহাব কোপাইলটের কার্যকারিতা এবং সফটওয়্যার নির্মাণে এটির ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোড লেখার মাধ্যমে কীভাবে সফটওয়্যার নির্মাণের প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।পরে ডেভ অ্যালায়েন্স ফোর্জের পক্ষ থেকে কমিউনিটির পথচলা, লক্ষ্য ও অর্জন নিয়ে আলোচনা করা হয়। সেখানে সংগঠনটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট, বিভিন্ন উদ্যোগ, সদস্যদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য সহযোগিতামূলক ও দক্ষতাভিত্তিক প্রযুক্তি-পরিবেশ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য অংশ ছিল পারস্পরিক পরিচিতি ও সংযোগ পর্ব "কমিউনিটি কানেক্ট ফেনী। এ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ পান। স্থানীয় পর্যায়ে প্রযুক্তিপ্রেমী তরুণদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার গুরুত্বও এ পর্বে তুলে ধরা হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার ও সম্মাননা প্রদান পর্ব। এতে হ্যাকাথন, প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইডিয়া পিচ প্রতিযোগিতা, ওয়েব ডেভেলপমেন্ট গ্রোথ সিরিজ, ডেভফেস্ট কুইজ এবং কমিউনিটি কানেক্ট ফেনী কার্যক্রমের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি জানানো হয়।আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য সিএসই এসোসিয়েশন অব ফেনী ইউনিভার্সিটি, ফেনী ইউনিভার্সিটি ইনোভেশন হাব, ফেনী ইউনিভার্সিটি রোটারেক্ট ক্লাব, ফেনী ইউনিভার্সিটি হাল্ট প্রাইজ এবং ফেনী ইউনিভার্সিটি ইয়ুথ ম্যাপার্সকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়াও ফেনী কম্পিউটার ইনস্টিটিউট আইসিটি ক্লাবকে সহযোগী ক্লাব পার্টনার হিসেবে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন টেকফেস্ট ফেনীর প্রধান পৃষ্ঠপোষক এবং ফেনী ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিন। তিনি তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তবমুখী উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন। পাঠ্যপুস্তকের প্রচলিত জ্ঞানের বাইরে গিয়ে প্রযুক্তি গবেষণা, প্রকল্প নির্মাণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সক্ষমতা বিকাশের ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি ফেনীতে প্রযুক্তিভিত্তিক সম্প্রদায় ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এতে ডেভ অ্যালায়েন্স ফোর্জের আয়োজক দল, সংগঠনের অবদানকারী সদস্য এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

প্রযুক্তি-উদ্ভাবনে তরুণদের উৎসাহিত করতে ফেনীতে প্রথমবার ‘টেকফেস্ট’