নীরব কষ্টে ব্যাচেলররা, মাস চলে ধারদেনায়
পড়াশোনার খরচ চালাতে টিউশনি করেন ইয়াজ উদ্দিন ইয়ামিন। ফেনী ইউনিভার্সিটির এই শিক্ষার্থীর টিউশনির আয় থেকেই চলে বাসাভাড়া, খাবার ও যাতায়াতের খরচ। মাসের শুরুতে আয়-ব্যয়ের একটা হিসাব করে নেন তিনি। কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় সেই হিসাব আর মেলে না। মাসের প্রয়োজনীয় খরচ মেটানোর পর হাতে তেমন টাকা থাকে না। বাড়তি খরচের জন্য পরিবার বা ধারদেনা করেই তার দিন পার করতে হয়।ইয়ামিনের মতো এমন টানাপোড়েনের মধ্য দিয়ে দিন কাটছে ফেনী শহরে বসবাসরত অনেক ব্যাচেলরের। তাদের কেউ শিক্ষার্থী, কেউ চাকরিজীবী। পড়াশোনা কিংবা জীবিকার প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকেন তারা। সীমিত আয় কিংবা পরিবারের পাঠানো টাকায় মাস চালাতে গিয়ে প্রতিনিয়ত হিসাব কষতে হচ্ছে। চাল, ডাল, তেল, মাছ, সবজি থেকে শুরু করে বাসাভাড়া সবখানেই বাড়তি খরচ। ফলে মাসের শুরুতে করা বাজেট মাঝপথেই ভেঙে পড়ছে। মাসের শেষ দিকে প্রয়োজনীয় খরচ কমিয়ে কিংবা ধারদেনা করে কোনোমতে দিন পার করতে হচ্ছে তাদের।শহরের হাজারী রোড এলাকার একটি বাসায় থাকেন আবদুর রহমান ফারহান। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালান তিনি। নিজের সংগ্রামের কথা তুলে ধরে ফারহান বলেন, আগে টিউশনির আয় দিয়েই নিজের খরচ মোটামুটি সামাল দিতে পারতেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় এখন আর সেই হিসাব মিলছে না। মাসিক ব্যয় বাড়লেও আয় বাড়েনি। প্রয়োজনীয় খরচ মেটানোর পর হাতে তেমন কোনো টাকা থাকছে না। এই বয়সে এসে বাড়তি খরচের জন্য পরিবারের কাছে টাকা চাইতেও সংকোচ বোধ করি।শুধু ইয়ামিন কিংবা ফারহান নন, ফেনী শহরে ব্যাচেলর হিসেবে বসবাসকারী অনেক শিক্ষার্থীর অভিজ্ঞতা প্রায় একই। কেউ পরিবারের পাঠানো টাকায় চলেন, কেউ টিউশনি করে নিজের খরচ চালান। আবার কেউ পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করেন। তাদের মাসিক বাজেটের বড় অংশ চলে যায় থাকা ও খাওয়ার পেছনে।শহরে হোম ডেলিভারির একটি চাকরি করে একটি মেসে থাকেন সালাউদ্দিন। দৈনিক ফেনীকে তিনি বলেন, কয়েক মাস আগে বেতনের টাকা বাড়তি থাকত। মাস শেষে সেটি পরিবারকে পাঠাতাম। এখন উল্টো প্রতি মাসে সহকর্মীদের কাছ থেকে ধারদেনা করছি।শহরের ডাক্তারপাড়ায় বসবাসরত মোশারফ হোসেন নামে এক চাকরিজীবী ব্যাচেলর বলেন, জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয় আগের জায়গায় স্থির রয়েছে। এখন নিজের খরচ সামলে পরিবারকে মাস শেষে দেওয়ার মতো তেমন কিছুই অবশিষ্ট থাকে না।মাসিক খরচ বৃদ্ধির কথা তুলে ধরে কলেজপড়ুয়া ব্যাচেলর শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, আগে যেখানে ৬৫-৭৫ টাকা মিলরেট ছিল, এখন তা ১০০-১২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। জিনিসপত্রের এমন দাম বাড়ায় খরচ মেটাতে বাড়তি চাপ নিতে হচ্ছে। এতে পড়াশোনা ও পরীক্ষায় প্রভাব পড়ছে।মো. ইলিয়াস নামে আরেক চাকরিজীবী ব্যাচেলর বলেন, আগে মাসের শুরুতে যে টাকা দিয়ে মোটামুটি চলা যেত, এখন একই খরচে মাস শেষ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে চাল, ডাল, তেল ও সবজির দাম বাড়ায় খাবারের খরচ অনেক বেড়েছে।বাজারের খরচেই বাড়ছে চাপফেনী শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মাসিক ব্যয়ের বড় একটি অংশ চলে যায় খাবারের পেছনে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, ডিম ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় আগের বাজেটে এখন আর বাজার করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেকেই বাজারের তালিকা ছোট করছেন। মাছ-মাংসের পরিমাণ কমিয়ে কেউ কেউ ডিম, ডাল কিংবা তুলনামূলক কম দামের সবজির ওপর নির্ভর করছেন।শিক্ষার্থীরা জানান, বাজার করতে গিয়ে এখন প্রতিটি পণ্যের দাম তুলনা করতে হয়। কোন দোকানে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে, কোন পণ্যটি না কিনলেও চলবে-এসব হিসাব করেই বাজার করতে হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় পণ্য কেনার পর মাসের বাকি দিনের জন্য হাতে পর্যাপ্ত টাকা থাকছে না।ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, আগে যে টাকায় সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকায় প্রয়োজনীয় সবকিছু কেনা যায় না। মাছ-মাংস কিনতে গেলে অন্য কোনো পণ্য বাদ দিতে হচ্ছে। তাই অনেক সময় ইচ্ছা থাকলেও খাবারের তালিকায় পরিবর্তন আনতে হয়।ওয়াসিফ আহমেদ নামে ফেনী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের এক শিক্ষার্থী বলেন, আগে যে টাকা দিয়ে বাজার করলে চার দিন অনায়াসে চলে যেতো এখন একই পরিমাণ খরচে বাজার করলে দুই দিন পার করতেও কষ্ট হয়। আমি টিউশনির টাকায় কোনোমতে কষ্ট করে চলছি। মাঝেমধ্যে টিউশনি না থাকলে পড়াশোনার চাপ আর খরচ মেটানোর তাড়ায় দিশেহারা হতে হয়।আবদুল্লাহ আল মামুন নামে এক চাকুরিজীবী ব্যাচেলর বলেন, আগে মেসে থাকা-খাওয়াসহ মাসে প্রায় ৫ হাজার টাকার মধ্যে চলতে পারতাম। এখন একইভাবে চলতে সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। বিশেষ করে চাল, ডাল, তেল ও সবজির দাম বাড়ায় খাবারের খরচ বেড়েছে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় মাসের শেষ দিকে ধার করতে হচ্ছে।বছর ঘুরতেই বাড়ছে বাসাভাড়াখাবারের খরচের পাশাপাশি ব্যাচেলর শিক্ষার্থী ও চাকরিজীবীদের মাসিক ব্যয়ের বড় একটি অংশ চলে যায় বাসাভাড়ায়। ফেনী শহরের বিভিন্ন এলাকায় থাকার জন্য তাদের অনেককেই মেস কিংবা বাসার একটি কক্ষ ভাগাভাগি করে নিতে হয়। একই কক্ষে দুই থেকে চারজন পর্যন্ত থাকতে হয় অনেক ক্ষেত্রে। তবুও বছর ঘুরতে না ঘুরতেই বাড়ছে সিটভাড়া। বাড়িভাড়ার সঙ্গে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত হয়ে তাদের ব্যয়ের বোঝা আরও ভারী করছে।ফেনী শহরে ব্যাচেলর বাসায় বসবাসরত বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেওয়া তথ্যমতে, গত একবছরে জনপ্রতি বাসাভেদে এক সিটে ভাড়া বেড়েছে ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।শিক্ষার্থী ও চাকরিজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক বাড়ির মালিক প্রতিবছর নির্দিষ্ট হারে ভাড়া বাড়ান। কোথাও আবার নতুন বছর শুরু হওয়ার আগেই ভাড়া বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়। ফলে আয় না বাড়লেও বাড়তি ভাড়া মেটাতে গিয়ে তাদের অন্যান্য প্রয়োজনীয় খরচ কমাতে হচ্ছে। বিশেষ করে টিউশন কিংবা সীমিত বেতনের ওপর নির্ভরশীলদের জন্য এ চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।অভিযোগ রয়েছে, বেশিরভাগ মেস ও বাসায় সিটভাড়া বাড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নীতিমালা বা যৌক্তিক হিসাব অনুসরণ করা হয় না। কক্ষের আকার, সুযোগ-সুবিধা কিংবা অবস্থানের তুলনায় ভাড়া কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন রয়েছে। আবার একই বাসায় একাধিক শিক্ষার্থী থাকার কারণে বাড়ির মালিকের আয় বাড়লেও সেই অনুপাতে ভাড়াটিয়াদের সুযোগ-সুবিধা বাড়ছে কি না তা নিয়েও রয়েছে অসন্তোষ।এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও পানির বিল ভাগাভাগির হিসাব। অনেক ক্ষেত্রে মূল ভাড়ার বাইরে এসব খরচের নির্দিষ্ট হিসাব ভাড়াটিয়াদের কাছে স্পষ্ট থাকে না। ফলে মাস শেষে প্রকৃত আবাসন ব্যয় কত দাঁড়াচ্ছে, তা নিয়ে তৈরি হয় বাড়তি অনিশ্চয়তা।অন্যদিকে বাড়ির মালিকরা বলছেন, বাড়ি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয়, জমির মূল্য, হোল্ডিং ট্যাক্স, পানি-বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচ বেড়েছে। ভবনের মেরামত, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখতেও বাড়তি অর্থ ব্যয় করতে হয়। এসব ব্যয়ের সঙ্গে সমন্বয় করতেই ভাড়া বাড়াতে হচ্ছে বলে তাদের দাবি।ফেনী শহরের শান্তি কোম্পানি রোড এলাকায় একটি মেসে থাকেন শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, আমাদের মতো শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো আয় নেই। টিউশন কিংবা পরিবারের পাঠানো টাকার ওপর নির্ভর করতে হয়। অথচ প্রতিবছর বাসাভাড়া বাড়ছে। একই কক্ষে কয়েকজন মিলে থাকলেও প্রত্যেকের সিটভাড়া আলাদাভাবে দিতে হয়। ফলে মাসের শুরুতেই আয়ের বড় অংশ শেষ হয়ে যায়।শহরের পুলিশ লাইন্স এলাকায় মেসে থাকেন শিক্ষার্থী সৈকত হোসেন সজিব। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবকিছু ওলটপালট হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ করেই বাসাভাড়া দুই হাজার টাকা বাড়িয়ে দিয়েছেন বাড়িওয়ালা। ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বাড়িওয়ালা জানান, পরিবার নিয়ে বসবাসকারীদের ক্ষেত্রে ভাড়া বাড়ানো না হলেও ব্যাচেলরদের বাসাভাড়া প্রতিবছর বাড়ানো হবে।নাম প্রকাশে অনিচ্ছুক শহরের হাজারী রোড এলাকার এক বাড়ির মালিক বলেন, বাড়ির রক্ষণাবেক্ষণ, সংস্কার ও বিভিন্ন ধরনের ট্যাক্সে খরচ বেড়েছে। এসব ব্যয় বিবেচনা করেই ভাড়া সমন্বয় করতে হয়।