ছাগলনাইয়া পুকুরের পানিতে ডুবে সামির নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে উত্তর কুহুমা গ্রামের নাছিরা দিঘী সমাজের দিন মোহাম্মদ মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সামির কুহুমা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নুরুন্নবীর ছেলে।
এ ব্যাপারে সামিরের জ্যাঠা জসিম সওদাগর জানান, সামির দুপুরে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের মাঝে ভাসমান অবস্থায় সামিরকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামিরকে মৃত ঘোষণা করেন।