ফেনী    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়া

ঘরে ঘরে উদ্যোক্তা গড়ে তোলার আহ্বান ডিসির

ঘরে ঘরে উদ্যোক্তা ও উৎপাদন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে বেগবান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহবুবুল করিম। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন, সমাজের অনেকেই নিজ উদ্যোগে বিভিন্ন পণ্য উৎপাদন করেন। কিন্তু বিপণনব্যবস্থার অভাবে এসব পণ্য যথাযথভাবে বাজারজাত করা সম্ভব হয় না। এতে অর্থ ও শ্রম বিনিয়োগ করে পণ্য উৎপাদনকারীরা একপর্যায়ে নিরুৎসাহিত হয়ে পড়েন। উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বাজারজাত করার সুযোগ তৈরি হলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন পণ্য উৎপাদনেও আগ্রহী হবেন।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান বিপণন কর্মকর্তা মো. মহিউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল কাদের জিলানী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আফছার। শিক্ষার্থী তাসনিয়া জেরিন ও নাবিহা আফসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মেলায় মোট ১৩টি স্টলে শিক্ষার্থীদের হাতে তৈরি সাবানসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

ঘরে ঘরে উদ্যোক্তা গড়ে তোলার আহ্বান ডিসির