এলাকায় ভালো ফুটবলার হিসেবে পরিচিত মো. জুয়েল রানা। ছিলেন ব্রাজিল দলের সমর্থক। আজ নরওয়ের কাছে ব্রাজিলের হারে হতাশ হয়ে পড়েছিলেন।
এদিন বেলা ১১টার দিকে নেইমারের একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন জুয়েল। ক্যাপশনে লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’
এই পোস্ট করার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মো. জুয়েল রানা (২৫)। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। উপজেলা সদরে নিজেদের কাপড়ের দোকান চালাতেন তিনি।
পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখার পর আজ একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন জুয়েল। একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে ফেসবুকে ব্রাজিলের নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন। গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর তাকে বহন করা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
নিহত জুয়েল রানার প্রতিবেশী বাপ্পারাজ তালুকদার বলছিলেন, ‘জুয়েল ভালো ফুটবল খেলতেন। কয়েক দিন আগেও চাম্বল মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু আজ তিনি নেই। এটি মানতে খুব কষ্ট হচ্ছে।’
জুয়েলের ছোট ভাই মো. আরাফাত বলেছেন, ‘ব্রাজিল হারার পর এমনিতেই মন খারাপ ছিল ভাইয়ার। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে দোকানে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেলেন তিনি।
জানতে চাইলে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বললেন, ‘আমরা দুর্ঘটনার শিকার দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সূত্র: আগামীর সময়