ছাগলনাইয়া পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব, উন্নয়ন ও মূলধনসহ সর্বমোট আয় নির্ধারণ করা হয় ৭১ কোটি ৩১ লাখ ৩ হাজার ৬৪৭ টাকা। যা ২০০২ সালে স্থাপিত ছাগলনাইয়া পৌরসভার এ যাবতকালের সর্বোচ্চ বাজেট।
গত বৃহস্পতিবার (২ জুলাই) ছাগলনাইয়া পৌরসভা কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক সৈয়দ ফারহানা পৃথা।
ক-শ্রেণির এ পৌরসভায় এর আগে ২০২৫-২৬ অর্থ বছরে সর্বোচ্চ ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এবারের প্রস্তাবিত বাজেটে সর্বমোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪ কোটি ২ লাখ ৮৩ হাজার ৫২৫ টাকা। এর মাঝে উদ্বৃত্ত ধরা হয় ৭ কোটি ২৮ লাখ ২০ হাজার ১২২ টাকা। তারমধ্যে রাজস্ব আয় ১২ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১৭৫ টাকা এবং ব্যয় ৭ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উন্নয়ন বাজেট আয় নির্ধারণ করা হয় ৫৫ কোটি টাকা এবং ব্যয় ৫৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিকট দাবি করা হয় ৫ কোটি টাকা এবং ৪টি প্রকল্পের কাছে দাবি করা হয় ৫০ কোটি টাকা। মূলধন বাজেটে আয় নির্ধারণ করা হয় ৩ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ৪৭২ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয় ১ কোটি ৭০ লাখ টাকা।
বাজেটে রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণ ও সংস্কার, কবরস্থান, শ্মশান, পার্ক, পৌর সুপার মার্কেট, সুইপারদের জন্য আবাসন, আধুনিক মসজিদ, কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্টাফ কোয়ার্টার, পৌরসভায় আধুনিক মানের ফটক, জিরো পয়েন্টে পানির ফোয়ারা ও পৌরসভার সৌন্দর্যবর্ধন ইত্যাদি খাতে বরাদ্দ রাখা হয়েছে বলে জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। প্রস্তাবিত বাজেটের সার্বিক দিক উপস্থাপনের পাশাপাশি বাজেট বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহায়তা কামনা করেন পৌর প্রশাসক।
এসময় বাজেট বাস্তবায়নে সার্বিক সহায়তার আশ্বাস প্রদানের পাশাপাশি পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এমপি রফিকুল আলম মজনু।