১০ জানুয়ারি ২০২০ ।। নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। দিন-ক্ষণ হিসেবে মুজিব বর্ষ শুরু হতে আরও ৬৬ দিন বাকি থাকলেও আজ শুক্রবার (১০ জানুয়ারী) থেকেই যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ফেনীতে।

আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ফেনী জেলার উপজেলাতেও একইসঙ্গে দিনক্ষণ গননা শুরু হয়ে যায়।
সেই মাহেন্দ্রক্ষণ শুরুর অপেক্ষাতে দুপুর থেকেই শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ ও তার আশপাশের এলাকা কানায় কানায় ভরে উঠে নারী-শিশু-কিশোর-বৃদ্ধ-যুবকসহ সর্বস্তরের হাজার মানুষের ভিড়ে। সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাতে হাতে ছিল মুজিব জন্মশতবার্ষিকীর ব্যানার। কারো হাতে জাতীয় পতাকা। সকলের উৎসুক দৃষ্টি ছিল শহীদ মিনারের স্থাপিত বিশাল আকারের ডিসপ্লের দিকে। সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষ দিনক্ষণ গননা উদ্বোধন অনুষ্ঠানের।

দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করতে নানা কর্মসূচি পালন করে ফেনী জেলা প্রশাসন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও একই সঙ্গে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের দিনক্ষণ গগনা শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর নেতৃত্বে পুলিশ প্রশাসনের সকল স্তরের উর্দ্ধতন কর্মকর্তারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের মানুষ এতে স্বতঃস্ফুর্তভাবে যোগ দেয়।

প্রধানমন্ত্রীর দিনক্ষণ গননা উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বেলুন উড়িয়ে জেলাব্যাপী দিনক্ষণ গননা কার্যক্রমের সূচনা করেন।
এরপর সন্ধ্যায় শহীদ মিনারে আর্য সাংস্কৃতিক কেন্দ্রের আবৃত্তি বিভাগের শিশু শিল্পী সুরহাত করিমের কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এডভোকেট সাইফুদ্দিন শাহীন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।
২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সরকার মুজিব বর্ষ উদ্যাপন করবে। দেশের ভেতর ছাড়াও বাইরে উদযাপিত হবে জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের আনন্দ আয়োজন।