ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদ এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল' মুট কোর্ট কম্পিটিশন ২০২৬-এর আন্তর্জাতিক ওরাল আর্গুমেন্ট রাউন্ডস-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধিদল হিসেবে নির্বাচিত হয়েছেন। লিখিত যুক্তি মূল্যায়নে সাফল্যের ভিত্তিতে তারা এই পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। আগামী ২৪ থেকে ২৬ আগস্ট ২০২৬ জাপানের টোকিওতে অবস্থিত ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি-এ তারা বাংলাদেশের পতাকা বহন করবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হক চৌধুরী সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির কোচ ও আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান তানজি।
শিক্ষার্থীদের এ অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হক চৌধুরী। তিনি বলেন, "আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে আমাদের শিক্ষার্থীদের গৌরবময় উপস্থিতি ও কোয়ালিফিকেশন সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এই অর্জন প্রমাণ করে যে বিশ্বমঞ্চের যেকোনো প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার মাপকাঠিতে শ্রেষ্ঠত্ব প্রদর্শনে সক্ষম। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"
দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান, তার দিকনির্দেশনা ও ধারাবাহিক উৎসাহ দলটির প্রস্তুতি এবং এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, " এশিয়া অঞ্চলের শীর্ষ দলগুলোর সাথে প্রতিযোগিতা করে সেরা ১৬-তে স্থান করে নেওয়া সত্যিই আমাদের বিভাগের জন্য এক বিশাল গৌরব। আমি বিশ্বাস করি, আগামী ওরাল রাউন্ডগুলোতেও তারা তাদের এই সাফল্যের ধারা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও অক্ষুণ্ন রাখবে।"
১৯৯৯ সালে যাত্রা শুরু করা এশিয়া কাপ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আইনভিত্তিক মুট কোর্ট প্রতিযোগিতা। সমসাময়িক আন্তর্জাতিক আইনসংক্রান্ত কাল্পনিক বিরোধ নিয়ে অংশগ্রহণকারী দলগুলো লিখিত ও মৌখিক যুক্তি উপস্থাপন করে। এর মাধ্যমে তাদের গবেষণা, আইনি বিশ্লেষণ ও অ্যাডভোকেসি দক্ষতা মূল্যায়ন করা হয়। প্রতিটি অংশগ্রহণকারী দেশ থেকে সর্বোচ্চ একটি দল আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ২য় বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড অব দ্য স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৫–২৬ এ মিরাজ ও জেহাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড অর্জন করেন।