ফুটবল মাঠে শুধু দুই দলের লড়াই হয় না। হয় খেলোয়াড়দের মধ্যেও। ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচেও তেমন এক লড়াই দেখা যাবে! বিশ্বের অন্যতম শীর্ষ দুই স্ট্রাইকার মুখোমুখি হচ্ছে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচে হবে ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের দ্বৈরথ।
মুখোমুখি লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান অস্বস্তিকর। কিন্তু ভিনিসিয়ুসের কারণে সেলেসাওরা এই ম্যাচের আগে স্বস্তিতে থাকতে পারে। কারণ নরওয়ের প্রধান তারকা হালান্ডের সঙ্গে দ্বৈরথে সুবিধাজনক অবস্থানে ভিনিসিয়ুস।
ক্লাবের জার্সিতে দুই তারকার দেখা হয়েছে বেশ কয়েকবার। সংখ্যার হিসাবে আট ম্যাচ। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছে। সেই সুবাদে মাঠে সামনাসামনি হয়েছিলেন ভিনিসিয়ুস ও হালান্ড। স্মরণীয় কয়েকটি দ্বৈরথের পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে তারা একে অপরের মুখোমুখি হচ্ছেন।
এই দ্বৈরথে ব্রাজিলিয়ান তারকা এগিয়ে। দুজনের মধ্যে আটবারের দেখায় ভিনিসিয়ুস চারটি জয়, দুটি ড্র ও দুটি হার দেখেছেন। রিয়ালের সাত নম্বর জার্সিধারী এই ম্যাচগুলোতে গোলমুখের সামনেও ছিলেন দুর্দান্ত। সরাসরি আট গোলে অবদান তার। পাঁচটি অ্যাসিস্ট ও তিনটি গোল। আর হালান্ড ম্যানসিটির হয়ে চার গোল করেছেন ভিনিসিয়ুসদের জালে।
২০২২-২৩ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলের ড্রয়ে ভিনিসিয়ুস চমৎকার গোল করেন। কিন্তু ফিরতি লেগ ৪-০ গোলে জিতে ফাইনালে ওঠে সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার কোনো গোল পাননি। পরের মৌসুমে কোয়ার্টার ফাইনালে দেখা হয় দুই ক্লাবের। ইংলিশ দলকে পেনাল্টিতে বিদায় করে রিয়াল। দুই স্ট্রাইকারের কেউ গোল পাননি।
২০২৪-২৫ মৌসুমের সিটির ৩-২ ব্যবধানে প্লে অফ হারে হালান্ড দুটি গোল করেছিলেন। পরের মৌসুমে লিগ পর্বের দেখায় ২-১ গোলের জয়ে একটি গোল করেন হালান্ড।
২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোতেও রিয়াল ম্যানসিটিকে দাপট দেখিয়ে হারায়। এই লড়াইয়ে লিড ধরে রেখে ইতিহাদ স্টেডিয়ামেও তারা ২-১ গোলে জেতে। দুটি গোলই করেন ভিনিসিয়ুস। হালান্ড তার ক্লাবের হয়ে এক গোল করেন। কিন্তু পেপ গার্দিওলার দলের বিদায় ঠেকাতে পারেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার।
দুই খেলোয়াড়ে ইতোমধ্যে বিশ্বকাপের শীর্ষ গোলদাতার লড়াইয়ে ভালোভাবে অবস্থান নিয়েছেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের চার গোল, নরওয়েজিয়ানের পাঁচ গোল। শেষ ষোলোতে সেই সংখ্যা কোথায় গিয়ে পৌঁছায়, সেটা দেখার অপেক্ষা। বলার অপেক্ষা রাখে না, যে কোনো এক তারকার বিদায় হচ্ছে এই ম্যাচেই।