দলেবলে বন্ধু বান্ধব মিলে ‘আড্ডা’ দেয়া বাঙালি সংস্কৃতির একটি অন্যতম ঐতিহ্য। আড্ডা দেবার ক্ষেত্রে ছেলেদের কোন সীমাবদ্ধতা না থাকলে মেয়েদের ক্ষেত্রে তা অতটা সহজ নয়। যদিও ডিজিটাল যুগে এসে অনলাইনে সেই ধারা অনেকটাই পাল্টে গেছে। তাই ‘আড্ডা’ আস্বাদে নিজেদের মাতিয়ে তুলতে ফেনীতে ব্যতিক্রমি আয়োজন করল মেয়েরা। আজ বুধবার (১৮ নভেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে ‘ফেনীর মেয়েদের আড্ডা’ নামে একটি অনলাইন গ্রুপের আয়োজনে প্রথমবারের মত এ আড্ডার আয়োজন করা হয়।
গান ও কবিতাসহ নানা আয়োজনে আনন্দের আভা ছড়িয়ে সেই আড্ডায় মেতেছিল ফেনীর মেয়েরা। গ্রুপের পরিচালক নারী উদ্যোক্তা আফরোজ আহমেদের পরিচালনায় আড্ডার শুরুতে আধুনিক ও দেশাত্মবোধকসহ আঞ্চলিক গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে তুলেন গানের গ্রুপ ‘তিনজনা’। এসময় আনন্দ উল্লাসে মেতে উঠেন শ্রোতারা। পরে একে একে কবিতা পাঠ করেন গ্রুপ সদস্যরা।
গ্রুপের পরিচালক আফরোজা আহমেদ জানান, ২০১৯ সালের শেষের দিকে ফেসবুক গ্রুপটি খোলা হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে প্রায় ১২ হাজার সদস্য এতে যোগ দিয়েছেন। তিনি জানান, এতদিন যেসব মেয়েরা ঘরে বসে থাকা ছাড়া অন্য কোন কাজে সম্পৃক্ত ছিলো না, তারা সকলেই এখানে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন। নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ঘরে বসেই অর্থও উপার্জন করছেন।
আড্ডার শেষে গ্রুপের সাফল্য কামনায় কেক কাটা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এসময় ফেনীর মেয়েরা একে অপরের সাথে কাঁধে কাধঁ মিলিয়ে অনলাইন এবং অফ লাইন ব্যবসা পরিচালনা করা সহ যেকোন আনন্দ আড্ডা আয়োজনে একসাথে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিজেদের বিপদ আপদে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। আাগামী ডিসেম্বরে গ্রুপের আয়োজনে কেক ফেস্টিভ্যালসহ কেক বানানোর কর্মশালা অনুষ্ঠিত হবে উদ্যোক্তরা জানান।
আড্ডায় গ্রুপের সদস্য এবং উদ্যোক্তা হুরে জান্নাত, পৌষী, ফারজানা রুমি, রাখি ইসলাম শোভা, পপি পাশা, ফারজানা মাসুদ, মেহেরা জারা ক্যামেলিয়া, বিলকিস আরা, মাহমুদা মুক্তাসহ দেড় শতাধিক সদস্য অংশ নেন।
তাদের ফেসবুক পেইজের নাম Feni Women welfare organization ও গ্রুপের নাম: ফেনীর মেয়েদের আড্ডা।