সরকারি ইজারার বাইরে অবৈধ বালু মহাল চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ প্রদান করেছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বালু মহালগুলোতে আমরা যতটুকু জায়গার জন্য ইজারা দিয়েছি ততটুক পর্যন্ত বালুমহল। এর বাইরে কেউ বালু তুললে সেগুলো অবৈধ। ইজারার বাইরে বালুমহলে অবৈধ বালু উত্তোলন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেন, ফেনীর একাধিক স্থানে ইজারা ছাড়া বালু উত্তোলন করা হয়, নদী ভাঙ্গন রোধে এসব বিষয়ে ব্যবস্থা নেয়া জরুরি।
ফেনী নদীর কোন অংশ ফেনীর এবং কোন অংশ মীরসরাইয়ের তা যাচাইয়ের মাধ্যমে চিহ্নিত করে অবৈধ বালু উত্তোলন রোধে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন জেলা প্রশাসক। এসময় অবৈধ খাল খননে ব্যবস্থা নিতে ক্ষুদ্র সেচ দপ্তরকে অবহিত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছাঃ সুমনী আক্তারের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সোনাগাজী সরকারি কলেজ অধ্যক্ষ মুহাম্মদ মুহিউদ্দিনসহ ফেনীর বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।