পাঠকের আস্থা আর ভালোবাসায় প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে পা রাখল দৈনিক ফেনীডটকম। ২০১৯ সালের ২০ অক্টোবর মৌলিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল ফেনী হতে প্রচারিত অনলাইন ভিত্তিক গণমাধ্যমটি। ইতোমধ্যে চলতি বছরের ৮ সেপ্টেম্বর দৈনিক ফেনী প্রিন্ট মিডিয়া হিসেবে ডিক্লারেশন পেয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকল পাঠক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক আরিফুল আমীন রিজভী বলেন, পেশাদার সাংবাদিকতার মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল দৈনিক ফেনীডটকম। এক বছর খুব অল্প সময়, কিন্তু এ সময়ের মধ্যেই দৈনিক ফেনীডটকম একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে পাঠকের আস্থা ও নির্ভরতা অর্জন করতে পেরেছে। এ পথচলায় অকৃত্রিম আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তথ্য দিয়ে সহায়তা করায় জেলা প্রশাসনসহ প্রতিটি দপ্তরের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ নিরন্তর।
সম্পাদক বলেন, দৈনিক ফেনী উন্নয়ন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক অসংগতি, বিচ্যুতি এবং গণমানুষের কণ্ঠ হিসেবে কাজ করছে। খবরে স্থান পেয়েছে শহর হতে প্রত্যন্ত জনপদ।
প্রকাশিত খবরের উপস্থাপনা সম্পর্কে এটিএন নিউজ এর ফেনী প্রতিনিধি দিদারুল আলম বলেন, ফেনীর গণমাধ্যমে সংবাদ প্রকাশের ধারা ও মৌলিকতার ক্ষেত্রে এটি অনন্য। তথ্যের উপস্থাপনায় দৈনিক ফেনী.ডটকম এনেছে নতুনত্ব। পাঠকের প্রত্যাশা ও আস্থায় নিজস্ব স্থান তৈরি করতে পেরেছে গণমাধ্যমটি।
ডনি হাজারী দৈনিক ফেনীডটকমের একজন নিয়মিত পাঠক। তিনি বলেন, সংবাদে শব্দের চয়ন এবং বাক্য গঠন নিউজ পোর্টালটির অন্যতম স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য। প্রচারিত সংবাদগুলো তথ্যনির্ভর এবং বিশ্লেষণধর্মী, যা পাঠকের কৌতুহল মেটায়।