ছাগলনাইয়ায় ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নামফলক উম্মোচন করে ভবনটির উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে শিরীন আখতার বলেন, কোমলমতি শিশুদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী করতে ও উন্নত শিক্ষাব্যবস্থা চালুর লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নান্দনিক ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা, শিক্ষা ও পুষ্টি একসাথে নিশ্চিত করতে মিড ডে মিল চালু, বৃত্তি প্রদানসহ নানা উন্নয়ন প্রকল্প সরকার গ্রহণ করেছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার উন্নয়নের সারথি হোন।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে সাম্যবাদ ও সমাজতন্ত্রে বিশ্বাসী হয়ে সোনার বাংলাদেশ গড়তে সকলকে সোনার মানুষ হবার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ৪তলা ভিত বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি হাজী মোহসীন আলী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একই ইউনিয়নের শহীদ মোমিন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন শিরীন আখতারসহ অতিথিরা। এরপরে উঠান বৈঠকে অংশ নেন তিনি।