ফেনীর সাংবাদিক জগতের বাতিঘর নুরুল করিম মজুমদারের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) ফেনী সেন্ট্রাল হাই স্কুল মাঠে নামাযে জানাযা শেষে তাকে পশ্চিম উকিলপাড়া মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার নামাযে জানাযায় শরীক হন গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ। জনাযা পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, স্থানীয় কাউন্সিলর সাইফুর রহমান, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় ফেনী প্রেসক্লাব, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় ফেনী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন ফেনীর এ প্রতিথযশা সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন, গুনগ্রাহীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ফেনীর সাংবাদিকতায় আলোকবর্তিকা নুরুল করিম মজুমদারের মৃত্যুতে গণমাধ্যমকর্মীদের শোক বিরাজ করছে।
দৈনিক কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা বলেন, তিনি শুধু একজন আপাদমস্তক সাংবাদিকই ছিলেন না। তিনি ছিলেন সাংবাদিকতার শিক্ষক। নিজে সাংবাদিকতায় পড়াশোনা করেন নি। কিন্তু সাংবাদিকতার ছাত্রদের পড়াতে পারতেন অনায়াসে। সেই জ্ঞান, অভিজ্ঞতা, বিচক্ষণতা ও গভীর পান্ডিত্য তাঁর মাঝে ছিল। আমার মতো এমন বহু পেশাদার সাংবাদিকের গুরু ছিলেন নুরুল করিম মজুমদার। একটি ছোট মফস্বল শহর থেকে একটি সাপ্তাহিক কাগজ ৩৫ বছরেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে প্রকাশ করে তিনি সাংবাদিকতায় এক অনন্য নজির স্থাপন করে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া ফেনীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ হতেও শোক প্রকাশ করা হয়।
করোনা আক্রান্ত হয়ে সর্বশেষ ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সাংবাদিক নুরুল করিম মজুমদার। কিন্তু ফুসফুসে প্রকট সংক্রমণের ফলে শারীরিক অবস্থা চিকিৎসার বাইরে চলে গেলে রবিবার সন্ধ্যায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে আনার কিছুক্ষণ পর তিনি মারা যান।
পরিবার সূত্র জানায়, ২৭ জুন ফেনীর বহুল প্রচারিত পত্রিকা সাপ্তাহিক হকার্স এর প্রকাশক ও সম্পাদক নুরুল করিম মজুমদারের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চিকিৎসকের পরামর্শে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করলে তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে এবং তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে শুক্রবার ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিল।
বর্ণাঢ্য জীবনে তিনি ফেনী প্রেসক্লাবের একাধিকবার সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা উপদেষ্টা, ফেনী ডায়াবেটিক হাসপাতালের অন্যতম আজীবন সদস্য, ফেনী সেন্ট্রাল হাই স্কুল গভর্নিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
জীবনের বিভিন্ন সময়ে গণমাধ্যমে তিনি ইস্টার্ণ নিউজ এজেন্সির (এনা) সাবেক নোয়াখালী প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ফেনী জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক দি ডেইলি স্টারের ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
তার মৃত্যুতে ফেনীর সাংবাদিকতা জগতের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে বলছেন তার সংস্পর্শে আসা সহকর্মীরা।