প্রধানমন্ত্রীর উপহার পেল ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের ৪শ পরিবার। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিম্নআয়ের মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সহিদ উল্ল্যাহ।
করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এরমধ্যে আজ স্বাস্থ্য অধিদপ্তর হতে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গণপরিবহন লকডাউন, ঔষধ ও জরুরী খাদ্যের দোকান ব্যতীত সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। কাজ না থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে এক শ্রেণির মানুষ।

চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ জানান, ইউনিয়নের অসহায় মানুষের তালিকা করা হয়েছে। এ ধাপে উপজেলা পরিষদ হতে কাজিরবাগ ইউনিয়নে ৪শ মানুষের জন্য খাদ্যপণ্য বরাদ্দ দেয়া হয়েছে।
ইউনিয়নের সোনাপুর, গিল্লাবাড়িয়া, রুহিতিয়া, মালিপুর, কাজিরবাগসহ সকল ওয়ার্ডে তালিকাভুক্তদের খাদ্যপণ্য দেয়া হয়েছে। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তার অধীন নয়জন ব্যক্তি ওয়ার্ডগুলোতে বিতরণকালে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, সহায়তাকালে সামাজিক দুরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।