ফেনী পৌর এলাকার রামপুরে অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী শহরের পশ্চিম রামপুর এলাকায় ফেনী জেলা পুলিশ অফিসার্স মেসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বোয়ালখালী থেকে একটি কার্গো ট্রাকে করে মাদক নিয়ে ঝিনাইদহের উদ্দেশে যাওয়ার তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সন্দেহভাজন কার্গো ট্রাকটি চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাক থেকে দ্রুত নেমে পালানোর চেষ্টা করলে চালক মো. সিয়াম হোসেন (২৪) ও হেলপার সাব্বিরকে (১৯) আটক করেন। তারা দুজনই মাগুরা জেলার সদর থানার পশ্চিম রামনগর এলাকার বাসিন্দা।
পরে কার্গো ট্রাকের পেছনের অংশে তল্লাশি চালিয়ে তিনটি আলুভর্তি বস্তার ভেতর থেকে কালো পলিথিন ও স্বচ্ছ স্কচটেপে মোড়ানো ৪৩টি গাঁজার রোল উদ্ধার করা হয়। এসব রোলে মোট ২১ দশমিক ৫ কেজি গাঁজা ছিল। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।র্যাব আরও জানায়, তিনটি বস্তায় ১৫০ কেজি আলু এবং ১৩ হাজার কেজি কনফিডেন্স লবণ ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকটিও জব্দ করা হয়েছে।
র্যাবের সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান,আটক দুই ব্যক্তি, উদ্ধার করা গাঁজা এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।