দিনের ব্যবধানে ফের পরশুরাম সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশ-ইন চেষ্টা করলো বিএসএফ। এবারো বিজিবির কঠোর দৃঢ়তায় ব্যর্থ হল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর আরেকটি পুশ-ইন প্রচেষ্টা। রোববার (২৬ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের দিকে পরশুরামে কেতরাঙ্গা সীমান্তে এক নারী ও তিনজন শিশুসহ ৪ জনকে জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বিজিবির কেতরাঙ্গা বিওপির সদস্যরা কঠোরভাবে বাধা দিলে সেটি ব্যর্থ হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন পরশুরাম সীমান্তের বিভিন্ন স্থানে পুশ-ইন চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। গত ২৫ জুলাই সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্তে ৭ জন নারী ও শিশুকে পুশ-ইন করতে চেয়েছিল বিএসএফ। বিজিবির তাতেও বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া গত রাতে একই ইউনিয়নের নিজলিকাপুর-রাঙ্গামাটিয়া সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশে চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তা রুখে দিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সচেষ্ট বিজিবি। এছ্ড়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে ও হত্যা বন্ধ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা বজায় রেখে সতর্ক বিজিবি।