ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত ও চোর চক্রের সক্রিয় সদস্য, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, তিন বোতল বিয়ার ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ঘটনায় জড়িত ২১ আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ঘটনায় জড়িত আসামি আশরাফুল জামান সোহাগ (২০)কে ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাগাজী থানার ছাড়াইতকান্দি এলাকার আব্দুল হকের ছেলে।এ ছাড়া ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজ (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনাগাজী থানার চরচান্দিয়া এলাকার নূর খাতুনের ছেলে।
এছাড়াও একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী মো. সেলিম (২৪)কে ধমপুর এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মধ্যম চাড়ীপুর (খাজুরিয়া) জজ কোর্ট কলোনির ভেতর থেকে দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদসহ মা ও ছেলে মো. হৃদয় (২০) ও রাবেয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে শাহরিয়ার হোসেন (২২), শহিদুল ইসলাম সুমন (৩৪) ও মো. রুবেল (২৬)কে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিন বোতল বিয়ারসহ আবু বক্কর (২৩)কে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদককারবারি এবং চোরচক্রের সদস্যসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদক, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।