বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় মাঠে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে নেওয়া প্রস্তুতি, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিএনপি শুধু কথা বলার দল নয়, বাস্তবায়নকারীদের দল। তারা যে কথা বলে, তা বাস্তবায়নে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষও সবসময় বিএনপির প্রতি আস্থা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে দেশের জন্য কাজ করেছেন এবং পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও দেশের মানুষের জন্য কাজ করছেন। ফলে মানুষের হৃদয়ে বিএনপির প্রতি যে আস্থা রয়েছে, তা আগামী দিনেও অটুট থাকবে।
প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজীতে আসবেন। ওইদিন তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন। একইদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রী তার মাতুলালয় ফুলগাজীর শ্রীপুরের মজুমদার বাড়িতে যাবেন এবং সেখানে পারিবারিক কবরস্থানে জিয়ারত করবেন।
মন্ত্রী বলেন, এদিন খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে। অর্থের অভাবে যারা লেখাপড়া করতে পারেন না, তাদের জন্য প্রধানমন্ত্রী কর্মসূচি গ্রহণ করেছেন। একইভাবে অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারেন না, তাদেরও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে। প্রধানমন্ত্রী সফরকালে শুধু দলীয় নেতাকর্মী নয়, সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে। মাঠ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জেনেছি। প্রধানমন্ত্রীর সফর যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা কোনো বৈপরীত্য আচরণ দেখাইনি। বৈপরীত্য আচরণ দেখিয়েছে আওয়ামী লীগ, তাদের দোসররা। তারা আজ কী অবস্থায় আছে, কোন অবস্থায় আছে? এসব আজ বলতে চাই না। ফেনীর মানুষ বিএনপিকে ভালোবাসে এবং বিএনপিও ফেনীর মানুষের জন্য কাজ করে। আগামী ১৭ সেপ্টেম্বরও এর প্রমাণ পাওয়া যাবে। অতীতে স্বৈরাচারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল।
পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪০ থেকে ৫০ হাজার মানুষের সমাগম হবে। আশপাশের এলাকাগুলোও জনসমাগমে পরিপূর্ণ হবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।