ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে বিকাশ চন্দ্র নাথ (২৫) প্রকাশ আরিয়ান মাহমুদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুটি প্রাইভেটকার, আইফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ দৈনিক ফেনীকে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার বিকাশ চন্দ্র নাথ অনলাইনে ‘ঋঢ অউও’ নামে পরিচিত। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রামপুরা গ্রামের দিলীপ চন্দ্র নাথের ছেলে। বর্তমানে ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর এলাকায় ইদ্রিস মোল্লা সড়কে বাসা ভাড়া নিয়ে তিনি অনলাইনভিত্তিক এই কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইদ্রিস মোল্লা সড়কের নয়ন ম্যানশনের নিচ তলায় বিকাশ চন্দ্র নাথের বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে আইফোন ১৭ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো ম্যাক্স, পিক্সেল-৭ প্রো মোবাইল, ডাচ-বাংলা ব্যাংকের একটি চেক বই, গিগাবাইট ব্র্যান্ডের ৩১ ইঞ্চি কার্ভড মনিটর ও গ্লাসযুক্ত সিপিইউ। এ ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে ব্যবহৃত মাইক্রোফোন, হেডফোন ও ফোকাস লাইট স্ট্যান্ড এবং টয়োটা ও হোন্ডা ব্র্যান্ডের দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক বিকাশের ব্যবহৃত পিক্সেল মোবাইল ফোন পরীক্ষা করে আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বিন্যান্স’ এর একটি সচল অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। ‘ওঃধপযরথটপযরযধ ৭৮’ নামের ওই অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য ও বিভিন্ন স্ক্রিনশট পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, আটক বিকাশ ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ট্রেডিং নিয়ে চটকদার ভিডিও প্রচার করতেন। ঘরে বসে সহজে লাখ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে তিনি অনলাইন ট্রেডিংয়ে যুক্ত করার চেষ্টা করতেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, এই কার্যক্রমের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এর পেছনে কোনো বড় চক্র বা অন্য নেটওয়ার্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।