নবজাতকের কান্নার শব্দে থমকে দাঁড়ান পথচারীরা। তারা এদিক-ওদিক তাকান। কিন্তু কাউকে দেখা যায়নি। পরে রাস্তার পাশে একটি ঝোপের কাছে গিয়ে দেখা মেলে মেয়ে নবজাতকের। কে বা কারা তাকে ফেলে গেছে পথের ধারে ঝোপের আড়ালে। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা নবজাতকটির বয়স ৪-৫ দিন হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুরে পাওয়া গেছে এ নবজাতককে। পথচারীরা তাকে দেখতে পেয়ে ফেনী মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দাস জানান, পুলিশের সহযোগিতায় একজন নারী পথচারী তাকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে শিশু ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান তিনি।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রোকনুদ্দৌলা জানান, শিশুটি সুস্থ আছে। তাকে সেবিকাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা তার দেখভাল করছেন।
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠক ও ফেনী জেনারেল হাসপাতালের কুইক রেসপন্স টিমের সংগঠক জয় আবির জানান, নবজাতকের দেখাশোনা ও প্রয়োজনীয় নানা উপকরণ সংগ্রহে কাজ করছে কুইক রেসপন্স টিমের সদস্যরা। শিশুটিকে নিয়ে সেবিকা ও স্বেচ্ছাসেবীদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে।