ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এ আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী মাদ্রাসা পরিদর্শক মুহাম্মদ মাহফিজুর রহমান।
মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ছালেহ আহাম্মদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূঞা, অভিভাবক প্রতিনিধি মো. নুরুল ইসলাম, আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন ও মুহাদ্দিস মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাহফিজুর রহমান বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি মহৎ কাজ, যা ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে সমৃদ্ধ করবে।
আয়োজক সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ও পরিবেশবিষয়ক সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই মূলত এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে অতিথিরা মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।