বর্ণাঢ্য আয়োজনে ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, নেতৃত্বের বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের ধারাবাহিক অর্জনের প্রশংসা করে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্লাবের কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক ফেনীর সম্পাদক ও প্রকাশক আরিফুল আমিন রিজভী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু ও সামাজিক উদ্যোক্তা মো. জামশেদ খান রিয়াজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিবেটিং ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ আরফান হোসেন। তিনি বলেন, ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, নেতৃত্বের বিকাশ, যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিত্ব উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ক্লাবের মূলমন্ত্র “চিন্তার বিকাশ, নেতৃত্বের বিকাশ” বাস্তবায়নে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং নবীন সদস্যদের ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এসময় ডিবেটিং ক্লাবের বিদায়ী কার্যনির্বাহী কমিটি এবং অ্যালামনাই নির্বাহীদের সংবর্ধনা ও বিদায় জানানো হয়। একই সঙ্গে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্বভার অর্পণ করা হয় এবং নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিতর্কচর্চার গুরুত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ, নেতৃত্ব গঠন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহশিক্ষা কার্যক্রমের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, যুক্তিনির্ভর এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে ফেনী ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের পরিবেশনায় নৃত্য, সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতেখারুল ইসলাম ইমন এবং সিমিয়া জসিম সাদিয়া যৌথ সঞ্চালনায় ক্লাবের উপদেষ্টা, শিক্ষকবৃন্দ, অ্যালামনাই, বর্তমান ও নবীন সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।