আট বছর আগে ছোট ট্রাকে করে কক্সবাজার থেকে ফেনীতে ইয়াবা পাচারের ঘটনায় তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা অষ্টম আদালতের বিচারক ইয়াছমিন আরা রায় ঘোষণা করেন।
ওই তিনজন হলেন- ট্রাকের মালিক মো. জসিম (৪০), চালক আব্দুর রহিম স্বপন (৩৮) ও সহকারী মো. সোহেল (৪০)।
আব্দুর রহিম স্বপনের বাড়ি ফেনী সদরের দৌলতপুর গ্রামে। সোহেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেলদির বাজার গ্রামের ফজলুল হকের ছেলে। আর ট্রাক মালিক জসিম ফেনী জেলার সদর থানার মকবুল আহাম্মদের ছেলে।
দণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক জানিয়ে আদালতের বেঞ্চ সহকারী সাইফুর রহমান বলেন, সোহলে শুরুর দিকে জামিনে গিয়ে পালিয়ে যান। স্বপন ও জসিম পরে জামিন পেয়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণ হওয়ায় সাজা দেওয়া হয়েছে।
রায়ে আসামি স্বপন ও সোহেলকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের সাজা দেওয়া হয়। আর জসিমকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অন্য একটি ধারায় তার ৩ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৪ মাসের সাজা দেয় আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ অক্টোবর রাতে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার বিআইডব্লিউটিএ অফিস এলাকায় একটি ছোট ট্রাককে থামায় পুলিশ। অনুসন্ধান চালিয়ে ট্রাক থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
ট্রাকে থাকা স্বপন ও সোহেলকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা বলেন, দীর্ঘদিন ধরেই কক্সবাজার থেকে ছোট ট্রাকে করে ইয়াবা নিয়ে ফেনীতে বিক্রি করছিলেন তারা। ইয়াবা বিক্রেতা ও ট্রাম মালিক হিসেবে জসিমের নাম বলেন তারা।
এ ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই মো. আব্দুল হালিম কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। অভিযোগ গঠনের পর ৫ জনের সাক্ষ্য শেষে সোমবার রায় এল।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর