বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠায় লড়াই করছেন, বলেছেন ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলা চত্ত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী কর্তৃক আয়োজিত বিশ্ব গ্রামীণ নারী দিবসে কিশোরী, যুব নারী ও নারী শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অনিয়ম দূর্নীতিকে কঠোর হস্তে দমন করছেন। এর থেকে অনেক বড় ক্ষমতাসীনরাও রেহায় পাচ্ছেন না।
‘নারী নির্যাতন বন্ধ করি, বৈষম্যহীন সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে শিরিন আখতার এমপি প্রচলিত সমাজ ব্যবস্থার সমালোচনা করে বলেন, পুরুষ শাসিত সমাজে এখনো নারীর প্রতি বৈষম্য রয়েছে- সময় এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার, ঘুরে দাঁড়াবার।
শিরিন আখতার এসময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষ সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের নারীদের উচিৎ তার পাশে দাঁড়ানো।
তিনি উপস্থিত নারীদের শেখ হাসিনার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিতে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
কর্মজীবী নারী’র পরিচালক রেহানা রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমা আক্তার এমপি, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন।