ফেনীর দাগনভূঞায় বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার (৩২) নামে পৌরসভার এক সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাকিস্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ কাওছার চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দাগনভূঞা পৌরসভায় কর্মরত থাকার সুবাদে সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন।
পৌর প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে জুনায়েদ কাওছার মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, আমি তার সঙ্গে হাসপাতালে রয়েছি। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এমন মর্মান্তিক ঘটনায় আমরা সকলে শোকাহত। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে। ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছেন। সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ চট্টগ্রামের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি অবগত হয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেব। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
