সোনাগাজী উপজেলার সাহেবেরঘাট সেতু ও সংযোগ সড়ক রক্ষায় পূর্বের নিষেধাজ্ঞা বহাল রেখে এবার শর্তসাপেক্ষে মজুদকৃত বালু অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এর আগে ৫ মার্চ জারি করা গণবিজ্ঞপ্তিতে সাহেবেরঘাট ব্রীজ সংলগ্ন ছোট ফেনী নদী পথে বালু সরবরাহ, পরিবহন, মজুদ এবং সেতুর ওপর দিয়ে ২০ টনের বেশি ওভারলোড যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তদন্ত কমিটি ও সড়ক বিভাগের প্রতিবেদনের ভিত্তিতে তখন বলা হয়, অতিরিক্ত বালু পরিবহনের কারণে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং স্থানীয় জনগণ দুর্ভোগে পড়ছেন।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটির ৮ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী ওলামা বাজার থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ পর্যন্ত আঞ্চলিক সড়ক এবং সাহেবেরঘাট এলাকায় জনদুর্ভোগ লাঘব ও সড়ক–সেতুর রক্ষণাবেক্ষণের স্বার্থে কয়েকটি নির্দেশনা কার্যকর করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ছোট ফেনী নদী থেকে সড়ক বা নৌপথে আনা কোনো বালু বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় মজুদ বা পরিবহন করা যাবে না। তবে সাহেবেরঘাট ব্রীজের সংযোগ সড়কের দুই পাশে আগে থেকে মজুদ থাকা বালু ২৪ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ২০ টনের কম বোঝাই যানবাহনে ত্রিপল দিয়ে ঢেকে অন্যত্র স্থানান্তর করা যাবে।

এছাড়া ব্যক্তিগত বা সরকারি প্রয়োজনে অন্য এলাকা থেকে আনা বালুও একইভাবে ২০ টনের কম বোঝাই যানবাহনে ত্রিপল দিয়ে ঢেকে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন, সরবরাহ বা পরিবহন করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।