ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
 
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান।