ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট বাজারে জাল নোট দিয়ে কেনাকাটার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি মেহেদী হাসান (৩৪)। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বাঁশবুনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

ফুলগাজী থানা পুলিশের তথ্য মতে, সোমবার (১১ মে) দুপুর থেকে মেহেদী হাসান তার সহপাঠী রনিকে সঙ্গে নিয়ে আমজাদহাট এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যার পর আমজাদহাট কাঁচাবাজার সড়কের “মাজার উল্লাহ ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার” দোকানে একটি ছোট টর্চলাইট কিনে ১ হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেহেদী হাসানকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে আরও একটি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা রনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় এক ব্যক্তি জানান, আটক ব্যক্তি দোকানে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি পুরোনো ১ হাজার টাকার নোট এবং নতুন ছাপানো আরেকটি ১ হাজার টাকার নোট দেন। উভয় নোটই জাল বলে জানা গেছে। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান নিজেকে পেশাদার জাল নোট ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত তিনটি মামলা ও একটি মাদক মামলা রয়েছে।

ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।