ফুলগাজী উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

“ ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জমজমাট এই আয়োজনকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস।

ফাইনাল খেলায় বালক বিভাগে মুন্সীরহাট আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে মুন্সীরহাট আলী আজম সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪ (০)-৩ (০) গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে জিএমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা কানিজ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে আয়োজকরা জানান।

সভাপতির বক্তব্যে শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা কানিজ বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সোহেল বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে, যা ভবিষ্যতে তাদের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী লিটন, জিএমহাট ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক জহির উদ্দিন জহির,

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন চৌধুরী সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হচ্ছে।

খেলায় ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জিএমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আফসার উদ্দিন। ধারাভাষ্য দেন জাফর আহমেদ। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আজিম, পলাশ ও রণি এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন বাদশাহ ও আবীর।

এছাড়া শিক্ষক ফরিদা বেগম, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাও উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশ গ্রহণকারী চারটি দলের মধ্যে প্রীতি উপহার হিসেবে টি-শার্ট প্রদান করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক মোজাম্মেল হক সোহেল। চ্যম্পিয়ন দুই দলকে আর্থিক সহযোগিতা করেন প্রত্যাশা ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী সোহেল। 

এতে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা, সহমর্মিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল একই মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।