দৈনিক ফেনীতে প্রকাশিত মানবিক প্রতিবেদনের পর ফুলগাজীতে অসহায় জীবনযাপন করা বৃদ্ধা রহিমা খাতুন ও অসুস্থ মীর কাসেম টিপুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১ মার্চ) ফুলগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের জন্য নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকা মীর কাসেম টিপুর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ৫ মার্চ ও ৭ মার্চ দৈনিক ফেনী পত্রিকায় যথাক্রমে “খেয়ে-না খেয়ে রোজা পার, ঘোচেনা বৃদ্ধা রহিমার দীর্ঘশ্বাস” এবং “ফুলগাজীতে অসহায় জীবন নিয়ে ধুঁকছেন টিপু” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তাদের দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া সংবাদ প্রকাশের পরে দেশের এবং প্রবাসীদের মধ্য থেকেও সহযোগিতার হাত বাড়িয়েছে। মুন্সীরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন যুব শক্তির পক্ষ থেকেও বৃদ্ধা রহিমা খাতুন ও টিপুকে ঈদের উপহার দিয়েছেন। জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এই দুই অসহায়ের ঠিকানা সংগ্রহ করে বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা করেছেন।
প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, ফুলগাজীর উত্তর শ্রীপুর গ্রামের প্রায় ৯০ বছর বয়সী রহিমা খাতুন লাঠিতে ভর দিয়ে প্রতিদিন মুন্সীরহাট বাজারে এসে মানুষের দয়ার ওপর নির্ভর করে ইফতার জোগাড় করেন। কখনও কেউ ১০-২০ টাকা দিলে ইফতার জোটে, না হলে অনেক সময় না খেয়েই রাত কাটাতে হয়।
অন্যদিকে মুন্সীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী মীর কাসেম টিপু দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ২০২২ সালে অবসরে গেলেও এখনো পাননি তার অবসরজনিত আর্থিক প্রাপ্য। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না তিনি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, টিপুর চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
