আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইয়ের ইতিহাস খুব বেশি নেই। পূর্বে তাদের দেখা হয়েছিল কেবল প্রীতি ম্যাচে এবং সবশেষ লড়াই হয়েছিল ৩৬ বছর আগে।
ভিয়েনায় অনুষ্ঠিত ওই ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল। ১৯৯০ সালের ৩ মে, বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে সেই ম্যাচ খেলতে নেমেছিল ডিয়েগো ম্যারাডোনার দল। ৩ মিনিটেই মানফ্রেড জাকের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আধঘণ্টা পার হতেই হোর্হে বুরুচাগার গোলে সমতা ফেরায় তারা।
তার আগে ১৯৮০ সালেও বিশ্ব জয়ী আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হয়। ভিয়েনাতে সেই প্রীতি ম্যাচে ৬৭ হাজারের বেশি দর্শক এক বিরল ঘটনার সাক্ষী হয়। ওই ম্যাচে ম্যারাডোনা হ্যাটট্রিক করেছিলেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক হয়ে রয়েছে। ৩ ও ১০ মিনিটে সান্তিয়াগো সান্তামারিয়া ও লিওপোলদো লুকুয়ে ২-০ গোলে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। পাঁচ মিনিট পর ম্যারাডোনা তার ক্যারিয়ারের পঞ্চম গোল করেন।
২০ মিনিটে কুর্ট জারা একটি গোল শোধ দিলে ম্যারাডোনা শেষ অর্ধে আরও দুটি গোল করেন। ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে প্রথম ও শেষ হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ৫-১ গোলে। পরে পাঁচবার জোড়া গোল করলেও আর তিন গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন গ্রেট।
দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৬ গোল দিয়ে খেয়েছে দুই গোল। এবার অস্ট্রিয়ার বিপক্ষে অপরাজিত দলটি জয়ে ফিরতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা। অবশ্য দুই দলের মধ্যে একটি আনঅফিসিয়াল ম্যাচ হয়েছিল ১৯৬৬ সালের ২৫ জুন, ১-০ গোলে জিতেছিল অস্ট্রিয়া।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। নিশ্চিতভাবে ফেভারিট হিসেবেই নামবে মেসিরা, কিন্তু মনে রাখতে হবে গত বিশ্বকাপে সৌদি আরবের চমকের কথাও।
