২০২৪ সালের ভয়াবহ বন্যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেন নি অসহায় নারী নাজমা আক্তার। বন্যার দেড় বছর পার হলেও এখনো গৃহহীন হয়ে অন্যের আশ্রয়ে স্বামী ও তিন সন্তান নিয়ে জীবন কাটাচ্ছেন ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নাছির গ্রাম জাকের মিয়া সওদাগর বাড়ীর ফরহাদুল ইসলামের স্ত্রী অসহায় নাজমা আক্তার। অর্থের অভাবে এখনো নিজের ধ্বসে পড়া ঘর মেরামত করতে পারেন নি এই নারী।
তার পরিবারের মানবেতর জীবনযাপনের বিষয়ে ছাগলনাইয়া পৌর মহিলা দলের সদস্য পলি আক্তার জানান, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজমার নিকট ভোট চাইতে এলে তার মানবেতর জীবনযাপনের বিষয়টি দেখতে পাই। তিনি জানান, বন্যায় তাদের ঘরটি ধ্বসে পড়ার পর থেকে তারা অন্যের ঘরে দুঃখকষ্টে দিন পার করছে।
নাজমা আক্তার জানান, আমার স্বামী ছোটখাটো ব্যবসা করতো এবং ব্যবসার জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহন করে। পরবর্তী ব্যবসায় লোকসান হওয়াতে সেই ঋণ পরিশোধ করতে অনেক কষ্ট হচ্ছে। অন্যদিকে, ভয়বাহ বন্যায় থাকার ঘরটি ভেঙ্গে যাওয়ার পর টাকার সংকটে মেরামত করতে পারিনি। পরবর্তী মানুষের সহযোগিতা ও অল্প কিছু টাকা ঋণ নিয়ে ঘরের অবকাঠামো দাঁড় করেছি কিন্তু টিন ও বেড়া লাগাতে পারিনি। এছাড়াও অর্থ সংকটে টয়লেট ও নলকূপ স্থাপন করতে পারিনি।
বন্যা পরবর্তী সরকারি কিংবা এনজিও সংস্থার পক্ষ থেকে ঘর মেরামতের জন্য অনুদান পাওয়ার বিষয় জানতে চাইলে নাজমা দৈনিক ফেনীকে জানায়, কোন সংস্থা থেকে সহযোগিতা পাইনি। তিন সন্তানকে নিয়ে নিজেদের ভিটেমাটিতে মাথা গোঁজার ঠাঁই টুকু নিশ্চিত করতে ঘর সংস্কারের জন্য সরকারি অনুদান অথবা সমাজের ধনাঢ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন অসহায় নাজমা।
