ছাগলনাইয়ায় উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ ডিসেম্বর ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নির্দেশনায় ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরো শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে অতি শীঘ্রই ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে। একই সাথে সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রাখার জন্য আহ্বান জানানো হয়।

অন্যদিকে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পরপরই ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার খবর জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। বিষয়টিকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রদলের সদস্য এসএম শাহাদাত উল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, ‘শুভ বুদ্ধির উদয় হলো, কলঙ্কতা ও অযোগ্যতা থেকে মুক্তি পেলো ছাত্রদল।’

ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানজিলুল হক মিয়াজী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, ‘সদ্য সাবেক নেতৃবৃন্দের জন্য রইলো আন্তরিক শুভ কামনা ও দোয়া। নতুন নেতৃত্ব দরজায় কড়া নাড়ছে ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে প্রিয় সংগঠনের জন্য।’

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের বিলুপ্ত কমিটির সভাপতি নাদিম উদ্দিন নাদিম দৈনিক ফেনীকে জানান, বিগত ১৭ বছর দলের দুঃসময়ে যেসকল নেতাকর্মীরা ছাত্রদলের হাল ধরে বিএনপির অগ্রযাত্রাকে গতিশীল করেছিলো সুসময়ে তাদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হলো। তবে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি জানান, আমার কিংবা আমাদের নেতৃত্বে ভুল ছিলো বিধায় নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর বিএ জানান, নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে দলকে আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে মনে করছি।