ফেনী সদর উপজেলার ফলেশ্বরে ‘পল্লী মঙ্গল কর্মসূচীর, উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ফলেশ্বরস্থ ‘পল্লী মঙ্গল অফিস’ প্রাঙ্গণে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী, ফুলগাজী এরিয়ার এপিএম মোঃ মাজহারুল ইসলাম (ফেনী জোন)। এ সময় উপস্থিত ছিলেন ফেনী ২ শাখার বিএম মোঃ সাইফুল ইসলাম এবং ফেনী জোনের জোনাল হিসাব রক্ষক মো: সজিব মিয়াসহ সংস্থার বিভিন্ন শাখার হিসাব রক্ষক ও অফিস কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। মেডিকেল টিমে ছিলেন ডাঃ হোসাইন আহমেদ ইব্রাহিম (শিশু বিশেষজ্ঞ), ডাঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ আদনান আহমেদ (সার্জারী বিশেষজ্ঞ), ডাঃ জেসমিন আক্তার (গাইনী ও অবস), ডা. মো ইমাম হোসেন (চর্ম, যৌন ও এলার্জি) এবং ডা. আনোয়ারুল কবির (মেডিসিন)।
চিকিৎসকদের এই টিমকে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি মেডিকেল অফিসার মো. মিনহাজুল ইসলাম, চন্দন দেব, মো: শহিদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মারুফ।
এদিকে বিনামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরা। ক্যাম্পে আসা রোগীরা জানান, বাড়ির কাছে এমন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং সাথে বিনামূল্যে মূল্যবান ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন।
দীর্ঘদিন ধরে বুক জ্বালাপোড়ার সমস্যায় ভুগছিলেন ৪২ বছর বয়সী রাশেদা বেগম। বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়ার পর তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘টাকার অভাবে শহরে গিয়ে বড় ডাক্তার দেখাইতে পারছিলাম না। বাড়ির কাছে ডাক্তার দেখাইয়া ফ্রিতে ওষুধও পাইলাম। আমাগো মতো গরিব মানুষের জন্য এই ক্যাম্প খুব উপকার হইলো।’
চোখের সমস্যা নিয়ে ক্যাম্পে এসেছিলেন ৫০ বছর বয়সী নাসিমা আক্তার। তিনি বলেন, ‘চোখে ভালো দেখতাম না, ঝাপসা লাগত। এখানে চোখের বড় ডাক্তারবাবু যত্ন সহকারে চোখ দেখছেন, ওষুধ দিছেন। ফ্রিতে এত সুন্দর সেবা পামু ভাবি নাই।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পল্লী মঙ্গল কর্মসূচী সবসময়ই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
