নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলকে সদস্যসচিব এবং ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনকে সদস্য করা হয়েছে। পদাধিকারবলে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন ফেনী জেলা প্রশাসক। এছাড়া সদস্য হিসেবে রয়েছে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(৪) ও ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৩০ জানুয়ারি ফেনী জেলা ক্রীড়া সংস্থার একটি অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই কমিটি নির্বাচন আয়োজন করতে না পারায় দ্বিতীয়বারের মতো নতুন অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।