ফেনীতে একটি সিমেন্ট শীট তৈরির কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাগেরহাট গ্রামের মরিয়ম সুপার সিমেন্ট শীট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। তিনি মরিয়ম সুপার সিমেন্ট শীট কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক সহকর্মীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফয়জুল কবির বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশের একটি টিম হাসপাতালে অবস্থান করছে। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছানোর পর মরদেহ ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।