ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

আটক ব্যক্তির নাম মো. নুরুজ্জামান রাসেল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার সতঘড়ি এলাকার মো. মাসুদুর হাসানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানার লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে একটি নীল রঙের পিকআপ ভ্যানের চালকের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পিকআপ ভ্যানটির ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে মোট ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ টাকা।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।