ফেনী সদর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরে জনবল সংকট, শিক্ষার মানোন্নয়ন, কৃষিতে সেচ সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবেদিন (ভিপি জয়নাল)। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়ে এ আশ্বাস দেন ভিপি জয়নাল।

মাসিক সাধারণ সভায় ভিপি জয়নাল বলেন, পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে। জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। জনস্বার্থে এসব সমস্যাগুলো তিনি সংসদ অধিবেশনে উত্থাপন করবেন বলে জানান। এসব সমস্যার কারণে জনগণের ভোগান্তি দূর করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনবল সংকটসহ সমস্যাগুলো চিহ্নিত করে ফাইল তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর মাধ্যমিক বিদ্যালয়ের অনেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে করে তারা বিদ্যালয়ে আসতে পারছে না। এতে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। এ ব্যাপারে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। ইউএনও আরও জানান, সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক, মৎস্যসহ বিভিন্ন দপ্তরে জনবল সংকট রয়েছে। সোনাগাজী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সদরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মৎস বিভাগে দাগনভূঞার কর্মকর্তা সদরে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে অর্ধেকেরও বেশি জনবল সংকট রয়েছে। সভায় এসব সমস্যার বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে।

আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অংশ নেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঞা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হিলালুদ্দিন, ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন, ইউআরসি ইনস্ট্রাকটর মোহাম্মদ খলিলুর রহমান, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ব্যাটারিচালিত রিকশা যানজটের অন্যতম কারণ

ফেনী শহর ও মহিপালে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এর ফলে মহিপাল ও ফেনী শহরের শহিদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ট্রাঙ্ক রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট ও দুর্ঘটনা ঘটতে। এছাড়াও এসব রিকশাগুলো মহাসড়কে ফেনীর বিসিক থেকে মহিপাল পর্যন্ত উল্টো পথে চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় আলোচনায় এসব উত্থাপন করেন ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসাইন। সভায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় তিনি বলেন, ফেনীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এর ফলে শহরে যানজটের মাত্রা বেড়েছে। এছাড়া অটোরিকশাগুলো মহিপাল থেকে বিসিক পর্যন্ত মহাসড়কে উল্টো পথে চলাচল করায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।