দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন। গতকাল রোববার (২৬ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন যাচাই বাছাইয়ে কোন ত্রুটি না পাওয়ায় সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে দুই প্যানেলে ২৭ জন করে ৫৪ জন এবং ২ জন স্বতন্ত্রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুইটি প্যানেলের মধ্যে জিয়া উদ্দিন মিস্টার ও ফারুক হারুনের নেতৃত্বে একটি প্যানেল এবং নাসির উদ্দিন আহমেদ মিলন ও মুশফিকুর রহমান পিপুলের নেতৃত্বে আরও একটি পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম মাওলা এবং সদস্য পদে মোস্তাফিজুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২৭ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২৮ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২৯ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ এবং ৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেনী সেন্ট্রাল হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল দৈনিক ফেনীকে বলেন, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে ২৭টি শাখা কমিটির আওতায় মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ১ হাজার ৮৬০ জন ভোটার। দুইটি প্যানেলের ৫৪ জনসহ ৫৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

তিনি জানান, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।