প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক এবিএম মূসার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৯ এপ্রিল। জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য এ বরেণ্য সাংবাদিক ১৯৩১ সালে ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের ৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দীর্ঘ ৬৪ বছরের সাংবাদিকতা জীবনে এবিএম মূসা দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। একই বছর তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন এবং ১৯৭১ সাল পর্যন্ত রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার ও বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তান সরকার পাকিস্তান অবজারভার বন্ধ করে দিলে তিনি দৈনিক সংবাদে যোগ দেন। পরে ১৯৫৪ সালে পুনরায় অবজারভারে ফিরে আসেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বিবিসি ও সানডে টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে প্রতিবেদন পাঠান।
এবিএম স্বাধীনতার পর মুসা বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক ও মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৮ সালে তিনি ব্যাংককে জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে যোগ দেন।
দেশে ফিরে ১৯৮১-১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫-১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
