দেশে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় ফেনী জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী রোববার (৫ এপ্রিল) ফেনী পৌরসভায় হাম টিকাদান বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ এপ্রিল) ফেনী পৌরসভার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেনী পৌরসভা সূত্রে জানা যায়, কর্মসূচিটি ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পুরাতন হাসপাতাল) কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। প্রথম ধাপে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে।

এ কর্মসূচির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩০০ জন শিশু। পরবর্তীতে পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

ফেনী পৌর প্রশাসক মো. নবীনেওয়াজ ও মেডিকেল অফিসার কৃষ্ণ পদ সাহা পৌরবাসীকে এ সেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।