ফেনী সরকারি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
ফেনী সরকারি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) শহরের রয়েল স্যালমান রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
সংগঠনটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী মীর হোসেন মাসুদের সঞ্চালনায় ইফতার মাহফিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।
নতুন কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ১৯৯৮-৯৯ বর্ষের প্রাক্তন ছাত্র ও জনতা ব্যাংক পিএলসি, সোনাগাজী শাখার ম্যানেজার তৌফিক হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১১-১২ বর্ষের প্রাক্তন ছাত্র এবং আনোয়ার গ্রুপের টেক্সটাইল ডিভিশনের মার্কেটিং বিভাগের কর্মকর্তা মীর হোসেন মাসুদ।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০০২-০৩ বর্ষের প্রাক্তন ছাত্র ও রূপালী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার ম্যানেজার ফয়সল হায়দার, ২০০৩-০৪ বর্ষের প্রাক্তন ছাত্র ও বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মিঠুন দত্ত, ২০০৫-০৬ বর্ষের প্রাক্তন ছাত্র ও বেগম খালেদা জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) মাজহারুল ইসলাম রাসেল এবং ২০০৮-০৯ বর্ষের প্রাক্তন ছাত্র ও ওয়ান ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার ক্রেডিট ইনচার্জ আবদুল আলিম জাহিদ।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১২-১৩ বর্ষের প্রাক্তন ছাত্র ও কালিদহ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হাসান আল বান্না।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৮-০৯ বর্ষের প্রাক্তন ছাত্র ও ফেনী আলিয়া মাদ্রাসার গণিত শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক আরিফ। যুগ্ম আহ্বায়ক ছিলেন মোহাম্মদ ফয়েজ উদ্দিন এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন আবদুল আলিম জাহিদ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ সময় পর নির্বাচিত কমিটির মাধ্যমে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতেই উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি গঠন করা হয়।
