সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ফেনী সফরে আসছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আগামীকাল ৭ থেকে ১০ মার্চ পর্যন্ত চার দিনের সরকারি সফরে নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে অবস্থান করবেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকার গুলশান এভিনিউস্থ বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। রাত ১০টায় ফেনীর দাগনভূঞা উপজেলার দুলামিয়ায় নিজ বাসভবনে পৌঁছে সেখানে তিনি রাত্রিযাপন করবেন।
পরদিন রোববার (৮ মার্চ) বেলা ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেবেন পরিবেশমন্ত্রী। দুপুর ৩টায় সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। একইদিন বিকেল ৫টায় সোনাগাজী ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন মন্ত্রী। পরে রাত ১০টায় দাগনভূঞার নিজ বাসভবনে ফিরে রাত্রিযাপন করবেন।
সোমবার (৯ মার্চ) দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় করবেন মিন্টু। একইদিন দাগনভূঞা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন এবং রাতে নিজ বাসভবনে অবস্থান করবেন।
সফরের শেষ দিনে মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় মন্ত্রী ছোট ফেনী নদীর ওপর প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘মুছাপুর রেগুলেটর’ প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় সড়ক পথে রাজধানীর গুলশান এভিনিউস্থ বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন।
মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। মন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সরকারি সফর।
