ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালের দিকে শহরের স্টেশন রোডে বের করা ঝটিকা এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিকেলে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

এদিন দুপুরের দিকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিলে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জন তরুণ অংশ নেন। এসময় তাদের ‘জয় বাংলা স্লোগান’ দিতে শোনা গেছে। মিছিলটি শহরের স্টেশন রোড থেকে শুরু হয়ে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিকেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তারা মিছিলে অংশ নিয়েছেন বলে দাবি করেন ওসি। তিনি জানান, আটকদের বিস্তারিত পরিচয় ও সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।