সৌদি আরবের সাথে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারও একদিন আগে সীতাকুণ্ডে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালের দিকে উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকার চারিয়াকান্দি গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই শতাধিক বছর ধরে চট্টগ্রামের মির্জারখীল দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার দুটি গ্রামেও মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন।
এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকার চারিয়াকান্দি গ্রামের মানুষ একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করেছেন। নির্দিষ্ট মতবাদের অনুসারী এসব গ্রামের বাসিন্দারা সকালে নিজ নিজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
জানা যায়, প্রায় দুই শতাব্দী আগে তৎকালীন পীর মাওলানা মুখলেছুর রহমান (রহ.) পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে তার ভিত্তিতে রোজা, ঈদ ও কোরবানি পালনের নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে সারাদেশে মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা এ নিয়ম অনুসরণ করে আসছেন। একইভাবে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকার দুটি গ্রামের বাসিন্দারাও দীর্ঘদিন ধরে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
স্থানীয় বাসিন্দা আবুল বশর বলেন, চট্টগ্রামের মির্জারখীল দরবার শরীফের মুরিদরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা পালন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলার দুটি গ্রামেও দরবারটির অনুসারীরা প্রতি বছর একদিন আগে ঈদ উদযাপন করেন।
