সোনাগাজী পৌর শহরে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন দুই ব্যক্তি। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ‘সততা অয়েল মিলস’ নামের একটি প্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে বিকল্প উপায়ে অকটেন তৈরির করার চেষ্টা চলছিল। এসময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন প্রতিষ্ঠানটির মালিক নুর আলম মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক।

বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত নুর আলম মাসুদের ভাই মোর্শেদ জানান, তার ভাই নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের দাহ্য পদার্থ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে যথাযথ লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা এবং কারিগরি তদারকি বাধ্যতামূলক। তা না থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।